জামালপুরে ২৩ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের দায়ে ইউনুছ আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে ওই তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই এলাকার ইউনুছ আলী তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী জামালপুর আদালতে মামলা দায়ের করেন।
মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রমে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ১০ বছর পর সোমবার আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।