ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেন। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নিজেই।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংসদ অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন।
সংসদের অধিবেশনের কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনায় সভাপতিমণ্ডলীর এসব সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।