জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনকালে এসব কথা বলেন ডাচেস সোফি।
পরিদর্শনকালে তিনি বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে নিয়োজিত নারী শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশে এসেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
ঢাকায় সফরকালে ডাচেস সোফির বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এ সময় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্বের গভীরতা ও ব্যাপ্তি তুলে ধরে—এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন।
সফরের অংশ হিসেবে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন।
এ ছাড়া শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের বিকাশ, পুনর্বাসন, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হবেন তিনি। বাস্তুচ্যুতির মতো কঠিন পরিস্থিতিতেও নারী ও শিশুরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, তা সরেজমিনে দেখার কথা রয়েছে তাঁর।
জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তাঁর এ কর্মসূচির অংশ।
এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস সোফি।