শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে দিল্লি হাইকমিশনের বক্তব্য

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৫৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৫৫:৫৮ অপরাহ্ন

শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ সংক্রান্ত একটি ই-মেইল পেলেও সেটির সত্যতা ও শেখ হাসিনার অনুমোদন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছিল।

তবে অনুরোধটি প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন। কারণ, সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না।

এ কারণে ই-মেইলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে বিষয়টি অবগতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় অনুযায়ী সাজা কার্যকর করতে চায়।

শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৈরি হওয়া এই বিতর্কের মধ্যে দিল্লি হাইকমিশনের বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে যে, প্রাপ্ত ই-মেইলটি এখনো তাঁর অনুমোদিত আবেদন হিসেবে প্রমাণিত নয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com