সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৭:১২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৭:১২:২৭ অপরাহ্ন
সরকারের উন্নয়ন ও নীতিগত পরিকল্পনাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে প্রতিটি দপ্তর থেকে সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ করতে হবে। কারণ নির্ভরযোগ্য পরিসংখ্যানের ভিত্তিতেই সরকার টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে পারে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি প্রতিপাদ্যে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় এ সভার আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, মাঠপর্যায় থেকে সঠিক তথ্য পাওয়া গেলে সরকারের নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ সহজ হয়। তাই কোনো তথ্য গোপন না করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বস্তুনিষ্ঠ তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ে পাঠাতে হবে। অপরাধ, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনাসহ প্রতিটি খাতের প্রকৃত চিত্র তুলে ধরতে নির্ভুল পরিসংখ্যানের বিকল্প নেই।

তিনি বলেন, এলাকাভিত্তিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রকৃত চিত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীসংক্রান্ত সঠিক তথ্য বিশ্লেষণ করা গেলে সরকার সময়োপযোগী পরিকল্পনা নিতে পারবে। একইভাবে ইউরিয়া সারের ব্যবহারসংক্রান্ত তথ্য পুলিশের পরিবর্তে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা উচিত।

কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নির্ভুল পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক ইমরান হোসেন প্রধান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম এবং বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর ২০ অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হলেও সরকারি ছুটির কারণে এবার রাজশাহীতে ৮ নভেম্বর দিবসটি উদযাপন করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com