ব্রাজিল-উরুগুয়ের পারিশ্রমিক দিতে হিমশিম, ২৩ কোটি রুপির বেশি দেনায় ভারতীয় ফুটবল ফেডারেশন

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:৫০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:৫০:৫৭ অপরাহ্ন

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়েকে আমন্ত্রণ জানিয়ে বড় আয়োজন করেও এখন আর্থিক সংকটে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। দুই দলের বিপক্ষে আয়োজিত প্রীতি ম্যাচের পুরো পারিশ্রমিক এখনও পরিশোধ করতে পারেনি সংস্থাটি। ব্রাজিল ও উরুগুয়ের কাছে সব মিলিয়ে ২৩ কোটি রুপির বেশি বকেয়া রয়েছে এআইএফএফের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের কাছে ৪ কোটি ৭০ লাখ রুপি পাওনা রয়েছে। দুটি দলই এখন পর্যন্ত তাদের নির্ধারিত পারিশ্রমিকের অর্ধেক পেয়েছে।

গত ৩ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ৬ নভেম্বর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করে ভারত। কলকাতায় অনুষ্ঠিত হয় ম্যাচ দুটি। এর আগে ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলেছিল ভারত। পানামাকে অবশ্য পুরো পারিশ্রমিক পরিশোধ করা হয়েছে।

এআইএফএফের আর্থিক সংকটের মূল কারণ টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় না হওয়া। তিনটি ম্যাচ আয়োজন করে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের লক্ষ্য ছিল ফেডারেশনের। কিন্তু টিকিটের অতিরিক্ত দামের কারণে দর্শকদের আগ্রহ প্রত্যাশার তুলনায় কম ছিল। পরিস্থিতি সামাল দিতে পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। এমনকি ব্রাজিলের ম্যাচে একটি টিকিট কিনলে আরেকটি বিনা মূল্যে দেওয়ার অফারও চালু করা হয়েছিল।

বকেয়া অর্থ পরিশোধের উপায় খুঁজতে গিয়ে ফেডারেশনের অভ্যন্তরেও মতবিরোধ দেখা দিয়েছে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দেন। তবে সভায় সদস্যরা এর বিরোধিতা করেন। তাদের মতে, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়।

ফেডারেশনের সহসভাপতি এনএ হারিসও জানান, স্থায়ী আমানত থেকে অর্থ না তোলার সিদ্ধান্ত আগেই নিয়েছিল নির্বাহী কমিটি। আমানতটি করা হয়েছিল সাবেক সভাপতি প্রফুল প্যাটেলের সময়। ভার্চুয়াল সভায় উপস্থিত প্যাটেলও আমানত ভাঙার প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বকেয়া পরিশোধের বিষয়টি পর্যালোচনার জন্য হারিসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে অগ্রিম পাওয়া ২৫ কোটি রুপির একটি অংশও ফেরত দিতে হতে পারে এআইএফএফকে। কারণ, চুক্তি অনুযায়ী ওই অর্থ ছিল শর্তসাপেক্ষে ফেরতযোগ্য অগ্রিম।

উল্লেখ্য, ভারতে প্রথমবারের মতো খেলতে এসে তারকাখচিত দল নিয়ে হাজির হয়েছিল ব্রাজিল। দলে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস ও চেলসির এস্তেভাও। এত বড় তারকাদের উপস্থিতি সত্ত্বেও আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। বকেয়া পরিশোধের জন্য সময় বাড়ানোর আবেদনও করেছে সংস্থাটি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com