ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:২১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:২১:৪৭ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন একজন। ৮ নভেম্বর দক্ষিণ কালিমান্তান প্রদেশের বারিতো নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি নদী থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর অভিযানে অংশ নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র বার্টন পানজাইতান জানান, উদ্ধার হওয়া দুই ক্রু সদস্য অস্ট্রেলীয় নাগরিক এবং তাঁরা নিরাপদ রয়েছেন। তবে নিখোঁজ তৃতীয় ক্রু সদস্য ইন্দোনেশিয়ার নাগরিক।

দুর্ঘটনার নাটকীয় ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টারটি বারিতো নদী থেকে বালতির সাহায্যে পানি সংগ্রহ করার পর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। একপর্যায়ে সামনের দিক নিচু হয়ে হেলিকপ্টারটি নদীতে আছড়ে পড়ে।

এ নিয়ে কয়েক দিনের ব্যবধানে বোর্নিও দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত দ্বিতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হলো। এর আগে ৪ নভেম্বর দ্বীপটির উপকূলীয় পানিতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন।

এদিকে, ইন্দোনেশিয়ার সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ এলাকায় কয়েক মাস ধরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে দেশটির কর্তৃপক্ষ ব্যাপক অভিযান চালাচ্ছে। দাবানলের কারণে সৃষ্ট ঘন ধোঁয়া প্রতিবেশী মালয়েশিয়া, পূর্ব তিমুর ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।

মুখপাত্র বার্টন পানজাইতান জানান, বিমানবহর যখন পানি ছিটিয়ে আগুন নেভানোর অভিযান চালাচ্ছিল, তখনই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। নিখোঁজ ক্রু সদস্যের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com