ট্রাম্পের প্রস্তাব: হোয়াইট হাউসের প্রেস সচিব হতে পারেন ডানা হোয়াইট, সহকারী হিসেবে ছয় ইউএফসি তারকা

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:০১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:০১:২৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে ইউএফসির প্রধান ডানা হোয়াইটকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে ছয়জন বর্তমান ও সাবেক ইউএফসি চ্যাম্পিয়নকে তার সহকারী হিসেবে নিয়োগের কথাও বলেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ প্রস্তাব দেন। সম্ভাব্য সহকারীদের তালিকায় রয়েছেন রাশিয়ার ইসলাম মাখাচেভ ও খাবিব নুরমাগোমেদভ, যুক্তরাষ্ট্রের জাস্টিন গেইথজি, ড্যানিয়েল করমিয়ার ও কায়লা হ্যারিসন এবং ব্রাজিলীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমান্ডা নুনেস।

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, এসব তারকাকে উগ্র বামপন্থিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে রক্ষার কাজে নিয়োজিত করা হবে।

এদিকে, শনিবার (৭ নভেম্বর) লন্ডনে এক সংবাদ সম্মেলনে ডানা হোয়াইট জানান, এ বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ডানা হোয়াইটের। ২০০০-এর দশকের শুরুতে ট্রাম্পের মালিকানাধীন ক্যাসিনোতে ইউএফসির কয়েকটি প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে তাদের পরিচয় হয়। পরে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডানা হোয়াইট প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন জানালে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।

উল্লেখ্য, গত মাসে কেটি জাকারিয়া দায়িত্ব ছাড়ার পর থেকে হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি শূন্য রয়েছে। নতুন প্রেস সচিব নিয়োগের বিষয়ে ট্রাম্পের এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com