মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করেছিল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। তবে সেই সাফল্যের ধারাবাহিকতা দ্বিতীয় দিনে কিছুটা কমেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সিনেমাটির আয় কমেছে প্রায় ২৫ শতাংশ। তবুও মুক্তির প্রথম দুই দিনেই ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করে শক্ত অবস্থান ধরে রেখেছে ছবিটি।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি গত ৫ নভেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। এর মাধ্যমে রণবীর কাপুর অভিনীত আগের সিনেমা ‘অ্যানিমেল’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ‘রামায়ণ’। তবে প্রথম দিনের ১০২ কোটি রুপির আয়ের রেকর্ড গড়া ‘ধুরন্ধর ২’-কে পেছনে ফেলতে পারেনি সিনেমাটি।
বক্স অফিসের হিসাব প্রকাশকারী সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিন শুক্রবার সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ৫ লাখ রুপি। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকেই এসেছে ৩০ কোটি ৩৯ লাখ রুপি। সব মিলিয়ে দুই দিনে ভারতের বাজারে ছবিটির মোট আয় ১১২ কোটি ৯০ লাখ রুপি।
সিনেমাটিতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা যশ। তবে তার উপস্থিতি থাকা সত্ত্বেও কন্নড় সংস্করণে প্রত্যাশিত সাড়া মেলেনি। ছবিটির আয়ের বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববারে সিনেমাটির আয় আরও বাড়তে পারে। বক্স অফিসে ছবিটির ভবিষ্যৎ সাফল্য নির্ধারণে এই দুই দিনের ব্যবসা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় সানি দেওল। এ ছাড়া অভিনয় করেছেন কাজল আগরওয়াল, অরুণ গোভিল, লারা দত্ত ও ইন্দিরা কৃষ্ণান। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান।