পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৫:১৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৫:১৬:১৫ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান। আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহী-জনতার ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্তি পান জেনারেল জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটে।
বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে ৭ নভেম্বরের চেতনা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অপতৎপরতা ও ষড়যন্ত্র নস্যাৎ হয়েছিল। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে অভ্যন্তরীণ ও বহিরাগত যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা। এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকলেসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আখতার, সমাজসেবা কর্মকর্তা রবিউল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন এবং জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ারা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান, প্রভাষক ও মৎস্য ব্যবসায়ী আতিকুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, যুবনেতা রোকনুজ্জামান রিকো মণ্ডল এবং সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com