স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৮:৫৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৮:৫৫:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত নরেশ ভাট আদালতে চাঞ্চল্যকর সাক্ষ্য দিয়েছেন। তাঁর দাবি, স্ত্রী মমতা কাফলে ভাটকে মৃত অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে মরদেহ গোপন করতে করাত দিয়ে টুকরো করার চেষ্টা করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউইউএসএ-এর প্রতিবেদন অনুযায়ী, আদালতে নরেশ দাবি করেন, ২০২৪ সালের ৩০ জুলাই ভোরে স্ত্রীকে বিছানার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশে বমি, ওষুধের বোতল ও বিষাক্ত কীটনাশকের প্যাকেট ছিল। প্রায় এক ঘণ্টা বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন বলে দাবি তাঁর।

নরেশের ভাষ্য, স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ গোপন করার পরিকল্পনা করেন। বাথরুমে করাত দিয়ে মরদেহের অংশবিশেষ কাটার চেষ্টা করেন। পরে কয়েকটি প্লাস্টিকের ব্যাগে ভরে সেগুলো ডাস্টবিনে ফেলে দেন। ঘটনার পর নিজেও আত্মহত্যার কথা ভেবেছিলেন বলে আদালতে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জুলাই ভিডিও কলে শেষবার দেখা গিয়েছিল মমতাকে। এরপর তিনি নিখোঁজ হন। তদন্তে দম্পতির শোবার ঘর ও বাথরুমে রক্তের দাগ এবং চুল লেগে থাকা একটি বৈদ্যুতিক করাত পাওয়ার পর ২২ আগস্ট নরেশকে গ্রেপ্তার করে পুলিশ।

দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মমতার মরদেহ উদ্ধার হয়নি। মামলার বিচার চলাকালে নরেশের এই সাক্ষ্য সামনে এসেছে। তবে স্ত্রীর আত্মহত্যার দাবি ও ঘটনার প্রকৃত রহস্য আদালতে যাচাই করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com