‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৭:০৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৭:০৫:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো এক ব্যক্তিকে তুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’।

বুধবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

মূলত, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ার পর এই ভিডিওটি নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। ভিডিওতে দেখা যায়, চারজন ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি ময়লার ডাস্টবিনে ছুঁড়ে ফেলছেন।

‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’ ক্যাপশনে প্রকাশ করা এই ভিডিওটি মূলত এআই জেনারেটেড একটি মিম। ভিডিওটি পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। এ পর্যন্ত প্রায় দেড় মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন।

অবশ্য, ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে ব্যঙ্গ করে এমন কাণ্ড এই প্রথম নয়। চলতি বছর ইরানি দূতাবাসগুলোকে এক্সে একের পর এক মিমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কটাক্ষ করতে দেখা গেছে।

এর আগে, যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত ছবি প্রকাশ করেছিল। ছবিতে ইরানের পতাকা হাতে এক অশ্বারোহীর মূর্তির সামনে ট্রাম্পকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়।

সেপ্টেম্বরে তিউনিসিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি মিম ব্যবহার করে ট্রাম্পকে কটাক্ষ করে। ওই পোস্টে সামনে নির্বাচন আসছে উল্লেখ করে ট্রাম্পের উদ্দেশে জানতে চাওয়া হয়েছিল, তার পরিস্থিতি কেমন যাচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com