মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার তেরোমাইল ব্রিজের পশ্চিম পাশের সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

​আহতরা হলেন— ভাঙারি ব্যবসায়ীর চাচাতো ভাই ও দোকানের ম্যানেজার মজনু এবং পিকআপ চালক সোহেল। ভুক্তভোগী ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বারিক মণ্ডলের ছেলে। তিনি মহাদেবপুর উপজেলার একটি ভাঙারির দোকান পরিচালনা করেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ম্যানেজার মজনু এবং পিকআপচালক সোহেল বগুড়া থেকে ভাঙারি বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে পিকআপযোগে মহাদেবপুরে ফিরছিলেন। পথিমধ্যে তেরোমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের বহনকারী পিকআপটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা তাদের ওপর চড়াও হয়। পরে তাদের বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

​পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। প্রথমে তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

​এ বিষয়ে ভাঙারি ব্যবসায়ী আব্দুল আলিম জানান, বগুড়ায় দোকান ও ভাঙারি সামগ্রী বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে তার ম্যানেজার ও চালক মহাদেবপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি নষ্ট হওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা তাদের মারধর করে সমস্ত টাকা ছিনিয়ে নেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com