রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪১:৩৮ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল-২০২৬। 

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করা হয় কেক কাটার মধ্য দিয়ে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মেলায় রয়েছে বাহারি খাবারের স্টল, দেশীয় হস্তশিল্প, উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ এবং সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, আলকাপ, গম্ভীরা, সংগীতানুষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মোনতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটন খাতে দক্ষ জনবলের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করে। বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বিকাশের পাশাপাশি দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে বাস্তব ধারণা দেয়। পর্যটন খাতের উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ ট্যুর গাইড, ট্যুর অপারেটর, হসপিটালিটি ব্যবস্থাপক ও পর্যটন উদ্যোক্তা তৈরি জরুরি। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভাগ কাজ করছে।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিটিবির পরিচালক ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ আবদুল আলীম এবং কোষাধ্যক্ষ (অবঃ) অধ্যাপক মতিয়ার রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com