রাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত কমছে, সুবিধা পাবেন মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:৫৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:৫৫:৪১ অপরাহ্ন
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (২ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় শিক্ষার্থীদের ফল বিবেচনায় নিয়ে আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে ফলের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের জন্য মোট জিপিএ ৭.০০ নির্ধারিত ছিল।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের আবেদনের জন্য মোট জিপিএ ৭.৫০ প্রয়োজন ছিল।

তবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিভাগের ক্ষেত্রেও শর্ত শিথিলের সম্ভাবনা রয়েছে বলে জানান অধ্যাপক বেলাল হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ জানুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৯ জানুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১২ নভেম্বর। আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com