দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৬:৫৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৬:৫৫:০২ অপরাহ্ন
ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তার দুই শিশুকন্যাকে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ওই বাসার সোনা, টাকা ও মুঠোফোন লুট করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর চারটার দিকে উপজেলার পৌরসভার আলাবক্স মজুমদার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন- মো. শাহীন (২৩), আতিকুল ইসলাম (২৭) ও বশির আহমেদ (২৬)। তাদের মধ্যে শাহীন শেরপুর জেলার গোজাখরা গ্রামের ফজল হকের ছেলে, আতিকুল একই জেলার খরখড়িয়াকান্দা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে ও বশির আহমেদ ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোরে পৌরসভার আলাবক্স মজুমদার বাড়ির একটি ভবনের নিচতলায় মুখোশধারী তিন ব্যক্তি প্রবেশ করেন। তারা বারান্দার দরজা দিয়ে শয়নকক্ষে ঢুকে গৃহবধূ আয়েশা আক্তারের মুখ চেপে ধরেন। এ সময় তারা আয়েশা আক্তারের ১২ বছর ও ৮ বছর বয়সী দুই মেয়েকে মারধর করেন। পরে আয়েশা ও তার দুই মেয়ের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গলা, কান ও নাকে থাকা সোনা ছিনিয়ে নেন।

আয়েশা আক্তার জানান, চিৎকার করতে চাইলে দুর্বৃত্তরা তাকে কিল–ঘুষি মারেন। পরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘর তল্লাশি করে দেড় ভরি সোনা, ৩০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে তারা পালিয়ে যান।

পুলিশ জানায়, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এতে ঘটনার আগে দিনের বেলায় ওই বাসার আশপাশে তিন অপরিচিত ব্যক্তির চলাফেরার তথ্য পাওয়া যায়। পরে ফুটেজের সূত্র ধরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। থানায় নেওয়ার পর ভুক্তভোগী নারী ও তার দুই মেয়েও তাদের শনাক্ত করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ভুক্তভোগী পরিবারের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com