রাউজানে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৫:৪২:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:৪২:০০ অপরাহ্ন
চট্টগ্রামের রাউজানে অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যাগে জমি রেজিস্ট্রির জন্য নেওয়া ২৫ লাখ টাকা ছিল বলে দাবি ভুক্তভোগীর পরিবারের। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় রমজান আলী চৌধুরী হাট-গশ্চি মোহাম্মদ জামা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শামসুন নাহার (৫০) উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি রেজিস্ট্রি করতে শামসুন নাহার স্বজনদের সঙ্গে অটোরিকশায় করে রাউজান সদরের সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে তাকে ব্যাগ দিয়ে দিতে বলে তারা। একপর্যায়ে ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর ছেলে মো. আরিফ জানান, তাদের কেনা জমি মঙ্গলবার রেজিস্ট্রি করার কথা ছিল। এ জন্য বিভিন্ন সময়ে দুটি ব্যাংক থেকে ৩ লাখ ও ৭ লাখ টাকা তোলা হয়। এর আগে আরও ১০ লাখ টাকা তোলা হয়েছিল। বাড়িতে থাকা টাকা মিলিয়ে জমি রেজিস্ট্রির জন্য প্রায় ২৭ লাখ টাকা নিয়ে তারা রওনা হন। এর মধ্যে তার মায়ের ব্যাগে ছিল ২৫ লাখ টাকা ও কিছু খুচরা টাকা। বাকি ২ লাখ টাকা ছিল অন্য একটি বাজারের থলেতে।

আরিফ জানান, তার মা, জমি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট মসজিদের ইমাম তাজু আহমেদ এবং তাদের বড় আব্বুর শ্যালক মো. জাফর অটোরিকশায় ছিলেন। জাফর গাড়িটি চালাচ্ছিলেন। আরিফ আরও কিছু টাকা সংগ্রহ করতে মোটরসাইকেলে তাদের আগে রমজান আলী চৌধুরী হাটে বোনের শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর অন্য একটি নম্বর থেকে তার মা ফোন করে কান্নাজড়িত কণ্ঠে ছিনতাইয়ের ঘটনা জানান।

মায়ের বরাত দিয়ে আরিফ বলেন, সড়কের বাঁকে তিন যুবক অটোরিকশার সামনে এসে অস্ত্র তাক করে গাড়িটির গতিরোধ করে। পরে তার মায়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। আরিফের দাবি, এর আগে বোনের বাড়িতে যাওয়ার পথে ঘটনাস্থলের পাশে তিনটি মোটরসাইকেলসহ পাঁচজনকে দাঁড়িয়ে ধূমপান করতে দেখেছিলেন তিনি। তাদের কাছে টাকা থাকার তথ্য জেনেই পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা তার।

অটোরিকশাচালক মো. জাফর জানান, সড়কের বাঁকে হঠাৎ তিন যুবক গাড়ির সামনে দাঁড়িয়ে সেটি থামাতে বলে। এ সময় তারা তার মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। অস্ত্র তাক করলে তিনি ফোন ছেড়ে দেন। পরে যুবকেরা নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করে। শামসুন নাহার ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে টেনেহিঁচড়ে সেটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রিজার্ভ ভাড়ায় নেওয়া অটোরিকশাটির গতিরোধ করে তিন যুবক অস্ত্রের মুখে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com