স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:২০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:২০:০৪ অপরাহ্ন
বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মামলার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় ড্রেজার ব্যবসায়ী।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে এসআরবি-৮-এর একটি দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী জাকির হোসেনের প্রতিবেশী। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেন। ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে শাক তুলতে গেলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। গ্রেপ্তারের পর জাকির হোসেনকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com