রংপুরে হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:১৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:১৮:০৫ অপরাহ্ন
রংপুরের বদরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার দীর্ঘ ১৮ ঘণ্টা পর মমতাজুর রহমান (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মমতাজুর রহমানকে আটক করে।

স্থানীয়দের দাবি, আটকের পর তার হাতে হাতকড়া পরানো হলেও পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে তিনি কৌশলে দৌড়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে নামে পুলিশ। রাতভর সাঁড়াশি তল্লাশির একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় হাতকড়াটি উদ্ধার করা হলেও তখন তাকে ধরতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজুর রহমান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। তার মাদকের সিন্ডিকেটে জড়িয়ে এলাকার উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।

মমতাজুর রহমানের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আজিজুল হক বলেন, কেউ বিএনপির নাম ব্যবহার করে মাদক, জুয়া কিংবা কোনো অবৈধ কাজে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা মিললে দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, দীর্ঘ ১৮ ঘণ্টার ধারাবাহিক অভিযান চালিয়ে মিঠাপুকুরের খোড়াগাছ এলাকা থেকে মমতাজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। ঘটনার পর হাতকড়া উদ্ধার করা হয় এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com