ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৭:১৭:২১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাবার পিস্তল দিয়ে খেলতে গিয়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বাবার সঙ্গে রাতের খাবার কিনতে গিয়েছিল ছোট্ট শিশুটি। একটি বার্গার কিং রেস্তোরাঁর সামনে গাড়ির পেছনের আসনে বসে ছিল সে। কিন্তু মুহূর্তের এক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।

গাড়িতে রেখে যাওয়া বাবার পিস্তল থেকে বেরিয়ে যাওয়া গুলিতে মৃত্যু হয়েছে তিন বছর বয়সী শিশুটির। আর মাত্র কয়েক দিন পরই তার চতুর্থ জন্মদিন উদযাপনের কথা ছিল।

দ্য মিররের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বার্টো শহরে ঘটে এ দুর্ঘটনা।

পোল্ক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইস্ট ভ্যান ফ্লিট ড্রাইভের একটি বার্গার কিংয়ের ড্রাইভ-থ্রুতে খাবার কিনতে গিয়েছিলেন শিশুটির বাবা। কিন্তু খাবারের দাম পরিশোধ করতে গিয়ে তার ক্রেডিট কার্ডের লেনদেন প্রত্যাখ্যাত হয়।

সমস্যা সমাধানের জন্য তিনি গাড়িটি পাশে পার্ক করেন। এ সময় কোমরে রাখা গ্লক পিস্তলটি বের করে গাড়ির ভেতরে রাখেন তিনি।

তদন্তকারীদের ধারণা, গাড়ির পেছনের আসনে থাকা শিশুটি পিস্তলটি দেখতে পেয়ে হাতে তুলে নেয়। খেলতে খেলতেই সেটি থেকে গুলি বেরিয়ে তার মুখে লাগে।

পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড বলছেন, পিস্তলটি কোমরে রাখা অবস্থায় সামনের দিকে ঝুঁকতে অস্বস্তি হচ্ছিল শিশুটির বাবার। তাই তিনি সেটি বের করে গাড়ির ভেতরে রেখেছিলেন।

শেরিফ বলেন, খাবারের দাম পরিশোধের জন্য ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানে ব্যস্ত ছিলেন বাবা। আর পেছনের আসনে খেলছিল শিশুটি।

শিশুটি যে পিস্তল হাতে নিয়েছে, তা বুঝতে পারেননি বাবা। গুলির শব্দের পরপরই তিনি গাড়ি থেকে নেমে ছোটাছুটি শুরু করেন। রেস্তোরাঁর নজরদারি ক্যামেরার ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

পাশের একটি গাড়িতে থাকা এক নারীও নেমে এসে জরুরি সেবার নম্বর ৯১১-এ ফোন করেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তাকে নেওয়া হয় লেকল্যান্ড রিজিওনাল হেলথ হাসপাতালে।

কিন্তু চিকিৎসকদের চেষ্টা কোনো কাজে দেয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, গাড়ির ছাদেও গুলির একটি ছিদ্র পাওয়া গেছে। ঘটনার সময় শিশুটির বাবার সঙ্গে আগ্নেয়াস্ত্র বহনের বৈধ অনুমতিপত্রও ছিল।

শিশুটির মা-বাবা দুজনই তদন্তে সহযোগিতা করছেন। অতীতের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড তাদের নেই বলে জানিয়েছেন শেরিফ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com