গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৬:১০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৬:১০:৫৭ অপরাহ্ন
গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে এবং লুটপাটের মাধ্যমে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে গতি ফিরিয়ে আনা এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার দিনরাত কাজ করছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রায় সব জেলা হাসপাতালের পরিস্থিতি একই রকম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে ১৯ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতালের শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়। এরপর আর কোনও সরকার হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ায়নি বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা গ্রহণে তাদের কোনও সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা প্রশাসক সাইফুর রহমান, এসপি কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com