বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:৫৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:৫৪:৩৫ অপরাহ্ন
নাটোরের বাগাতিপাড়ায় সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে ২ জন নারী ও ৯ জন পুরুষ। তারা বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে পলি নামের এক নারীও রয়েছেন। তিনি উপজেলা চত্বর এলাকায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে শিয়ালের কামড়ের শিকার হন বলে জানা গেছে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শিয়ালের কামড়ে আহত প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর একে একে আরও রোগী চিকিৎসা নিতে আসেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

তিনি আরও জানান, শিয়ালে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। পাশাপাশি দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।

এই মুহুর্তে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মজুত রয়েছে বলেও জানান এই চিকিৎসক।

এদিকে, অল্প সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তি শেয়ালের কামড়ের শিকার হওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com