মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৭:২৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৭:২৪:২৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুকুরের পানিতে মরদেহটি ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রাফসান মহানগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার মৃত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহটির পরনে একটি হাফপ্যান্ট ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি।

উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফিরে আসেননি। তিনি নিয়মিত খেলাধুলা করতেন এবং সাঁতার জানতেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com