পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের মাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে উদ্দিন সরদারের (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই মায়ের সঙ্গে তার বিরোধ হতো। মঙ্গলবার সকালে টাকা না দিলে মাকে হত্যার হুমকি দেন তিনি। পরে টাকা না দেওয়ায় কাঁচি দিয়ে আঘাত করে মাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে অভিযুক্ত উদ্দিন সরদারকে আটক করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।