নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক গ্রেপ্তার

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৬:৪৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৬:৪৪:২৮ অপরাহ্ন
নেত্রকোনার পূর্বধলায় দোকানে কাজ করা এক শিশুকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে একটি মাদরাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০)। রোববার (১৮ অক্টোবর) রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদরাসার পরিচালক। পাশাপাশি তার একটি ফার্মেসির দোকান রয়েছে, যেখানে কাজ করত শিশুটি।

শিশুটির বাবার দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুলাল তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়। এদিকে, নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com