প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৯:৪৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৯:৪৩:১০ অপরাহ্ন
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মোটরসাইকেলের মালিক মো. রাকিব হোসেনকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বলেন, ঘটনার সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি তার মক্কেলের ছিল না। প্রথমে আটক করা মোটরসাইকেলটির মালিক রাকিব হলেও ঘটনার সময় সেটি গ্যারেজে ছিল বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও জানান আইনজীবী। পরে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৯ আগস্ট ভোরে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে অটোরিকশায় করে চোখের চিকিৎসকের কাছে যাচ্ছিলেন রনজিলা পারভীন। সকাল ৫টা ৫৫ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতের ব্যাগ ধরে টান দেয়। এতে চলন্ত অটোরিকশা থেকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। ঘটনার পর তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্বামী শেরেবাংলানগর থানায় মামলা করেন।

এরপর ৩০ আগস্ট র‌্যাব-২ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা একটি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল জব্দ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com