ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৭:৪৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৭:৪৮:৫০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজ, সরকারি বাংলা কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ঘুরে দেখেন। এ ছাড়া তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালসহ কয়েকটি স্থাপনার পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা না ফেলা এবং প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনকালে শিক্ষার্থীদের দেশ গঠন ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত রাখা এবং ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com