ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৭:০৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৭:০৪:১০ অপরাহ্ন
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার খবর ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই ঘটনার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতার প্রেমিকা লেখা ওয়াশিংটন। ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে পুলিশের ভ্যানে বসে থাকার ছবি শেয়ার করে ইমরানের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

শেয়ার করা ছবিতে ইমরান ও লেখাকে হাসিমুখে পুলিশের ভ্যানের ভিতরে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। কঠিন পরিস্থিতিতে ইমরানের পাশে থাকার বার্তাই এই পোস্টের মাধ্যমে দিতে চেয়েছেন লেখা।

প্রসঙ্গত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমরান। সেই আন্দোলনের পরেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপের খবর সামনে আসে। অভিনেতার পাশাপাশি তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং ভাই তথা অভিনেতা জায়ান খানকেও গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। লেখার পোস্টে মন্তব্য করে জায়ান লিখেছেন, ‘তুমি আছ।’

এদিকে, ইমরানের পাশে দাঁড়িয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওও। এর আগে ইমরানকে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ সংক্রান্ত একটি পোস্টের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘বাঃ, এখন মুম্বাই পুলিশ?’

অন্য একটি পোস্ট শেয়ার করে কিরণ ইমরানের দীর্ঘদিনের ভারত-যোগের প্রসঙ্গও তুলে ধরেন। সেখানে উল্লেখ করা হয়, জীবনের ৪৩ বছরের মধ্যে ৪০ বছরই ভারতে কাটিয়েছেন তিনি। এই দেশেই পড়াশোনা, কাজ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা এবং লড়াই—সবকিছুর অভিজ্ঞতা হয়েছে তাঁর।

অন্যদিকে, ইমরান খান এবার বম্বে হাইকোর্টে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে পারেন বলে খবর। শুক্রবার অথবা সোমবারের মধ্যে এ বিষয়ে আইনি পিটিশন দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

ইমরানের পক্ষের যুক্তি, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের বিক্ষোভে অংশগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। ফলে ভারত ছাড়ার নির্দেশের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হতে পারে।

ইমরানের পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে। একই সঙ্গে অভিনেতার পাশে প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং কিরণ রাওয়ের অবস্থানও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com