হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৬:৪২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৬:৪২:০৫ অপরাহ্ন
হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রথম দিনেই চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়া। প্রশ্নোত্তর পর্বে নিজের স্বামী ও প্রেসিডেন্ট ট্রাম্পের পরিচয় গুলিয়ে ফেলে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। মাত্র ১৪ মিনিটের মধ্যেই ব্রিফিং শেষ করে মঞ্চ ছাড়ার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়া ৪১ বছর বয়সি কেটি ব্রিফিংয়ের শুরু থেকেই ট্রাম্পের প্রশংসা করেন। লিখিত বক্তব্য পাঠের সময় তাঁর কথাবার্তায় কিছুটা জড়তা লক্ষ করা গেলেও মূল বিপত্তি ঘটে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে।

চার সন্তানকে সামলে কীভাবে তিনি প্রেস সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের চলচ্চিত্র প্রযোজক স্বামী টাইলার জাকারিয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলেন কেটি। ভুলবশত ট্রাম্পকে নিজের ‘স্বামী’ বলে সম্বোধন করে বসেন তিনি। সঙ্গে সঙ্গেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত স্বাভাবিক হতে পারেননি কেটি। এর পরই দ্রুত ব্রিফিং শেষ করে কক্ষ ছেড়ে বেরিয়ে যান তিনি। তাঁর এই সংক্ষিপ্ত অভিষেক নিয়ে সংবাদমাধ্যমের একাংশের সমালোচনা শুরু হয়। কেউ তাঁর পারফরম্যান্সকে অতিরিক্ত যান্ত্রিক বলে মন্তব্য করেন, আবার কেউ প্রথম দিনের অভিজ্ঞতাকে হতাশাজনক বলে আখ্যা দেন।

তবে সমালোচনার মুখে নতুন প্রেস সচিবের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং ট্রাম্প। আলাস্কা সফরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কেটির কাজের প্রশংসা করেন। তাঁর দাবি, কেটি চমৎকার কাজ করেছেন এবং তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেটি দীর্ঘদিন ধরেই রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত। ফক্স নিউজে ট্রাম্পের নীতির পক্ষে বক্তব্য রেখেও তিনি পরিচিতি লাভ করেন। তবে নতুন দায়িত্ব গ্রহণের পর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। আইন নিয়ে পড়াশোনার দাবি সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার বার কাউন্সিলের তালিকায় তাঁর নাম না থাকার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।

সব মিলিয়ে, নতুন দায়িত্বের শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়লেন কেটি জাকারিয়া। ট্রাম্পের সমর্থন পেলেও তাঁর প্রথম ব্রিফিংয়ের এই ঘটনা ভবিষ্যতে হোয়াইট হাউসের সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক সামলানোর ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com