রাণীশংকৈলে আলী ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৫:৩৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৫:৩৮:০৩ অপরাহ্ন
সকালের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল চারদিকে। প্রতিদিনের মতো পথ চলতে গিয়ে মহলবাড়ি এলাকায় আলী ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের নিথর দেহ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় লোকজন। কে এই যুবক, কীভাবে তাঁর মৃত্যু হলো—এমন নানা প্রশ্নের জন্ম দেয় রহস্যজনক এই ঘটনা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় ওই যুবকের মরদেহ দেখতে পান পথচারীরা। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম যতীশ চন্দ্র (২২)। তিনি পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে। ঘটনার পরপরই তাঁর পরিচয় জানা না গেলেও পুলিশি তদন্তের মাধ্যমে পরে পরিচয় শনাক্ত করা হয়। মাত্র ২২ বছর বয়সী এক যুবকের এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, কিংবা এর পেছনে কোনো অস্বাভাবিক ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং যুবকের পরিচয় শনাক্ত করে। পরে মরদেহটি থানায় নিয়ে আসা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com