পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৯:২৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৯:২৩:১৮ অপরাহ্ন
খুলনার পাইকগাছায় পুলিশের তালিকায় নাম রয়েছে—এমন ভয় দেখিয়ে এক স্কুলশিক্ষকসহ একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের জামাত আলী সরদারের ছেলে আবদুল কাদের সরদার (৩৮) ও খোকন গাইনের ছেলে রনি গাইন (২৬)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার বাইনবাড়িয়া এলাকার স্কুলশিক্ষক ঠাকুরদাসসহ স্থানীয় একাধিক ব্যক্তির নাম পুলিশের তালিকায় রয়েছে বলে দাবি করেন ওই দুই যুবক। তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তারা টাকা দাবি করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্যও বলা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হলে মুঠোফোনের সূত্র ধরে তাদের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাইনবাড়িয়া সেতুর কাছ থেকে স্থানীয় ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুলসহ থানার পুলিশের সদস্যরা কাদের ও রনিকে আটক করেন।

বুধবার সকালে স্কুলশিক্ষক ঠাকুরদাস মুঠোফোনে জানান, ওই দুই যুবক তার নামসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করে পুলিশের তালিকায় থাকার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। তবে দুপুরের পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজনের দাবি, ভয়ে ওই শিক্ষক মামলা করতে রাজি হননি। তবে এ বিষয়ে পরে তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই যুবককে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পাইকগাছা থানায় দায়ের করা ১৭ নম্বর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com