আইনবহির্ভূত ভবন নির্মাণ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:০০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৬:০০:৩০ অপরাহ্ন
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে প্রশাসন পরিচালনা করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের কাশিয়াডাঙ্গা এলাকায় এক নম্বর ওয়ার্ডের সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রাজশাহীতে এক ভবনমালিকের বিরুদ্ধে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, ভবন নির্মাণের সময় কেউ আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে পুরো নগরীতে সড়ক নম্বর পিলার স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।

পরে মন্ত্রী কাশিয়াডাঙ্গা রেলক্রসিং-সংলগ্ন প্রান্তিক আবাসিক এলাকা উদ্বোধন করেন। এ সময় তিনি একটি আমগাছের চারা রোপণ করেন এবং আবাসিক এলাকার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। পাশাপাশি রাজশাহী নগরীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com