পুঠিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, সাঁতারে কৃতিত্বের জন্য মাহিয়াকে সংবর্ধনা

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৬:১৭:২৪ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি সাঁতারে আঞ্চলিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় সাতবাড়িয়া স্কুলের শিক্ষার্থী মোছাম্মৎ মাহিয়া খাতুনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

সম্প্রতি পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি খেলাধুলায় অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে মাহিয়া খাতুনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল তার হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে রাজশাহী অঞ্চলে ৫০ মিটার বুকসাঁতারে দ্বিতীয় এবং রিলে সাঁতারে প্রথম স্থান অর্জন করে মাহিয়া। তার এ অর্জন পুঠিয়া উপজেলার জন্য গৌরবের বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

আলোচনা সভায় কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, প্রতিভা বিকাশ এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় তাদের অংশগ্রহণে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি এবং তাদের সাফল্যের স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান জানান, কন্যাশিশুদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com