গাইবান্ধায় সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৫:৫৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৫:৫৫:১৮ অপরাহ্ন
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পাওয়ায় বৃদ্ধ বাবার জানাজা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জানাজা হওয়ার কথা থাকলেও বিকেল ৩টা পর্যন্ত বাড়ির উঠানে পড়ে ছিল মৃত নাজির উদ্দিন নামে ওই ব্যক্তির মরদেহ। তার মেয়ে হালিমা বেওয়া (৫০) বাবার সম্পত্তি থেকে এক বিঘা জমি বুঝে পাওয়ার দাবি জানিয়েছেন।

সোমবার বিকেল ৩টার দিকে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বোয়ালীদহ গ্রামের বাসিন্দা নাজির উদ্দিন পেশায় কৃষক ছিলেন। তার এক ছেলে ইদ্রিস আলী (৪৮) ও এক মেয়ে হালিমা বেওয়া। রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নাজির উদ্দিন জীবদ্দশায় তার সম্পত্তি ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। সোমবার সকাল ১০টায় জানাজার সময় নির্ধারণ করা হলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে উপস্থিত হন। তবে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে জানাজায় বাধা দেন মেয়ে হালিমা।

হালিমার অভিযোগ, তার বাবা বেঁচে থাকতে কৌশলে জমি লিখে নেওয়া হয়েছে এবং তাকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। নিজের ভাগের এক বিঘা জমি বুঝে না পাওয়া পর্যন্ত বাবার জানাজা হতে দেবেন না বলে জানান তিনি।

অন্যদিকে নাজির উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর দাবি, তার বাবা স্বেচ্ছায় তাকে জমি লিখে দিয়েছেন। ওই সম্পত্তিতে বোনের কোনো ভাগ নেই বলেও দাবি করেন তিনি।

এ নিয়ে জানাজায় অংশ নিতে আসা স্থানীয় লোকজন সমঝোতার চেষ্টা করলেও তা সফল হয়নি। ফলে সোমবার বিকেল ৩টা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে ছিল নাজির উদ্দিনের মরদেহ।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার গণমাধ্যমকে বলেন, নাজির উদ্দিন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। রোববার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। সোমবার সকাল ১০টায় জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু তার মেয়ে সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগে জানাজা আটকে রেখেছেন।

এ বিষয়ে ধাপেরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক এস্তেখার হাসান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ নিয়ে এক ব্যক্তি তদন্তকেন্দ্রে এসেছিলেন। তার কাছে লিখিত অভিযোগ চাওয়া হয়েছিল। পরে তিনি আর আসেননি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com