‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’?

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৭:৪৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৭:৪৬:৪৫ অপরাহ্ন
পনেরো বছর পর ফিরতে চলেছে ‘দ্য ডার্টি পিকচার’। সত্যিই কি সিক্যুয়েল আসছে? নিজেই জানালেন প্রযোজক একতা কপূর। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। অভিনয় করেছিলেন বিদ্যা বালন, নসীরুদ্দীন শাহ, ইমরান হাশমী এবং তুষার কপূর।

দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল ছবিটি। এ বার তারই সিক্যুয়েলে কোন গল্প উঠে আসবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

এক পডকাস্টে একতা জানান, ‘দ্য ডার্টি পিকচার ২’ তৈরির পরিকল্পনা করছেন তিনি। তাঁর কথায়, “আমি যে বড় ছবিগুলি তৈরি করছি, তার মধ্যে অন্যতম ‘দ্য ডার্টি পিকচার ২’। ১৫ বছর পরে সিক্যুয়েলটির পরিকল্পনা করছি। আসলে এ বার আমার মনে হচ্ছে, এমন একটা গল্প আমার কাছে রয়েছে, যা আমি বলতে চাই।”

একতা জানিয়েছেন, প্রথম ছবির মতো দ্বিতীয় পর্বেও এক মহিলার জীবনই হবে গল্পের কেন্দ্রবিন্দু। তবে এ বারও কি সিল্ক স্মিতার জীবনকেই পর্দায় তুলে ধরা হবে? সেই বিষয়ে এখনই মুখ খুলতে চাননি প্রযোজক।

প্রথম ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করতে গিয়ে একতা বলেন, “সিল্ক স্মিতাকে ঘিরেই ছিল ‘দ্য ডার্টি পিকচার’। এক জন মহিলা নিজের যৌনতা নিয়ে খোলাখুলি অবস্থান নেওয়ায় কী ভাবে তাঁকে নিন্দার মুখে পড়তে হয়েছিল, সেটাই ছিল ছবির মূল কথা।”এই প্রসঙ্গেই প্রযোজক বলেন, “আমি কখনও সিল্ককে অসহায় বা নির্যাতিতার চোখে দেখিনি। বরং এমন এক মহিলা হিসেবে দেখেছি, যিনি নিজের যৌনসত্তাকে উদ্‌যাপন করতেন। আর সেই ছবিই সাফল্য পেয়েছিল।” সিক্যুয়েলে কোন অভিনেত্রীকে দেখা যাবে, কিংবা কাকে নিয়ে তৈরি হবে ছবির গল্প, সে বিষয়ে এখনও কিছু জানাননি একতা। তবে শীঘ্রই বড় ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। ছবিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন বিদ্যা। দক্ষিণী ছবির জগতে পরিচিত মুখ ছিলেন সিল্ক। ১৮ বছরের অভিনয়জীবনে চারশোরও বেশি ছবিতে কাজ করেছিলেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে চেন্নাইয়ে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com