জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৭:৩৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৭:৩৪:২৬ অপরাহ্ন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করে তিনি বলেছেন, জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তি করতে ব্যর্থ হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার বিষয়ে ট্রাম্পের চুক্তির পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে।

শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে। তার দাবি, রাশিয়ার তেল শোধনাগারে হামলার কারণে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের কৃষক ও খামারিরাও সমস্যায় পড়ছেন।

তবে জেলেনস্কির পক্ষে অবস্থান নিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, জেলেনস্কির প্রতি ইউক্রেনের জনগণের সমর্থন রয়েছে এবং দেশের নেতা বেছে নেওয়ার অধিকার তাদেরই।

শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল কেনার চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তা কমানোর চেষ্টা হিসেবে এ চুক্তি করা হয়েছে। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের এ উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও ইউরোপের মিত্রদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে।

জেলেনস্কি অভিযোগ করেছেন, ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়া ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরের আবাসিক ভবনে হামলা চালিয়েছে। তার দাবি, ওই হামলায় তিন শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এর আগে বুধবার (৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাশিয়ার হামলায় ক্রামাতোরস্ক ও প্রিলুকি শহরেও বহু বেসামরিক মানুষ নিহত হন।

ট্রাম্প কয়েক সপ্তাহ ধরেই রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের দাবি জানিয়ে আসছেন। তার বক্তব্য, জেলেনস্কি চাইলে আগেই শান্তিচুক্তি করতে পারতেন। অন্যদিকে জেলেনস্কির আশঙ্কা, রাশিয়ার ওপর চাপ কমলে মস্কো আরও হামলা চালাতে উৎসাহ পাবে।

যুক্তরাজ্য জানিয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার অতিরিক্ত রপ্তানি আয় দেশটির অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে কাজে লাগবে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার এবং যুদ্ধবিমানের জন্য গোলাবারুদ পাওয়ার বিষয়েও তিনি ইউরোপের মিত্রদের সঙ্গে আলোচনা করছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com