খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৫:৩৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৫:৩৯:৫৮ অপরাহ্ন
বিশেষ অভিযান শেষে ফেরার পথে পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর নিরাপত্তা জোরদার

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার আশঙ্কা এবং সাম্প্রতিক একটি হামলার ঘটনা বিবেচনায় নিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ অভিযানসহ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বিবেচনায় নিয়ে রাতে অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার অনুলিপি জেলার পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপারেশন, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শক। জেলার সংশ্লিষ্ট থানা ও দপ্তরগুলোকেও এ নির্দেশনার আওতায় আনা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এক পুলিশ পরিদর্শক। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com