রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক বিতর্ক, মুখ খুললেন কৃতি সেনন

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:১৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:১৩:৫২ অপরাহ্ন
রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি সেনন। ঐতিহ্যবাহী এই উৎসবের বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন অনেকে। বিতর্ক এতটাই তীব্র হয় যে, শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি সেই পুরনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন কৃতি।

করীনা কপূর খানের সঙ্গে এক কথোপকথনে বিষয়টি নিয়ে নিজের বিস্ময়ের কথা জানান অভিনেত্রী। কৃতি বলেন, তাঁর পরনের পোশাকের একটি অংশ কীভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা এখনও তিনি বিশ্বাস করতে পারেন না।

কৃতির কথায়, “আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।” তাঁর এই বক্তব্যে সম্মতি জানান করীনাও।

বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি গয়না সংস্থার রাখিবন্ধনের বিজ্ঞাপনকে ঘিরে। ওই বিজ্ঞাপনে কৃতিকে তাঁর ভাইকে রাখি পরাতে দেখা যায়। পাশাপাশি নিজের পোষ্য কুকুরকেও রাখি পরিয়েছিলেন অভিনেত্রী। পোষ্যকে রাখি পরানো নিয়েও সমাজমাধ্যমে একাংশ আপত্তি জানায়।

তবে সবচেয়ে বেশি আলোচনা হয় কৃতির পোশাক নিয়ে। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর অনেকের দাবি ছিল, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে তাঁর পোশাক যথাযথ ছিল না।

বিতর্কের সময় অবশ্য নীরব থাকেননি কৃতি। সমাজমাধ্যমে প্রশ্ন তুলে তিনি জানিয়েছিলেন, এখনও কেন একজন মহিলার কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা হয়। তাঁর বক্তব্য ছিল, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন ও নকশা বদলেছে। কিন্তু কোনও নারীর পোশাক দেখে তাঁর সংস্কৃতি বিচার করা উচিত নয়।

কৃতি আরও বলেছিলেন, সংস্কৃতি ও ঐতিহ্য কেবল পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; এগুলো মানুষের মনের মধ্যেই থাকে। পরবর্তী সময়ে মহিলাদের পোশাক, সমাজের দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়েও একাধিক পোস্ট করেছিলেন অভিনেত্রী। যদিও সেসব পোস্টে সরাসরি রাখিবন্ধনের ওই বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি।

পুরনো সেই বিতর্ক ফের সামনে আসায় কৃতির মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com