পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:৪৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:৪৭:৪৮ অপরাহ্ন
রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল চন্দ্র বর্মন উপজেলার রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মহান চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানক্ষেতে বিপুলের মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলের পাশে তার একটি চার্জার ভ্যানও পড়ে থাকতে দেখা যায়। এছাড়া ধানক্ষেতের কয়েকটি স্থানে ধানগাছ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়দের ধারণা, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে বিপুলের সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে রাত ১টার দিকে পীরগঞ্জ থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com