‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৮:০০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৮:০০:১০ অপরাহ্ন
গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের সঙ্গে আড্ডায় ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার আবহে কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে।

প্রায় পাঁচ মিনিটের ব্যঙ্গাত্মক বক্তব্যে হাস্যরসের পাশাপাশি ভারতের বর্তমান পরিস্থিতি, অন্যায়ের প্রতিবাদ এবং বিশ্বশান্তি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সঞ্জয়।

কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় বক্তব্য দেওয়ার আগে ভারতীয়দের প্রশংসা করেন এই অভিনেতা। তিনি বলেন, ভারতীয়রা অত্যন্ত দয়ালু ও অতিথিপরায়ণ। মানুষের এই উদারতা ভবিষ্যতেও বজায় থাকা উচিত। তবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে সঞ্জয় বলেন, আগের মতো শান্তি এখন আর অনুভব করেন না তিনি।

সঞ্জয়ের ভাষায়, ‘সত্যি বলতে কী, আমি এখন আর দেশে আগের মতো সেই শান্তি অনুভব করি না। আমি শিবজির কাছে প্রার্থনা করি, যাতে সেই শান্তির দিনগুলো দ্রুত ফিরে আসে।’

এরপর ‘মুন্না ভাই’-এর পরিচিত সংলাপ ও ‘মামু’ সম্বোধনের ভঙ্গিতে বক্তব্য শুরু করেন সঞ্জয়। প্রধানমন্ত্রী হলেও বিদেশে চলে না গিয়ে বন্ধুদের সঙ্গে থাকার কথা মজার ছলে জানান তিনি। পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন।

বক্তব্যে মহাত্মা গান্ধীর তিন বাঁদরের প্রসঙ্গ টেনে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকার মানসিকতার সমালোচনা করেন সঞ্জয়। তার প্রশ্ন, সবাই যদি চোখ, কান ও মুখ বন্ধ করে বসে থাকে, তাহলে অন্যায়ের প্রতিবাদ করবে কে? দেশই বা পরিচালনা করবে কে? এ পরিস্থিতিতে চতুর্থ একটি বাঁদরের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

গান্ধীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবির পরিবর্তে মহাত্মা গান্ধীর ছবি রাখার কথাও বলেন সঞ্জয়। তার বক্তব্যে অহিংসা, নৈতিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা উঠে আসে।

আন্তর্জাতিক রাজনীতি নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ট্রাম্প মামু’ বলে সম্বোধন করে তাকে গান্ধীগিরি শেখানোর কথা বলেন তিনি।

ক্ষেপণাস্ত্রের বদলে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সঞ্জয় বলেন, বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্র তো অনেক হয়েছে, এবার একটু ভালোবাসা পাঠানো হোক। ক্ষেপণাস্ত্রের বদলে গোলাপের তোড়া পাঠিয়ে চায়ের আড্ডায় সব সমস্যার সমাধানের কথাও বলেন তিনি।

বক্তব্যের শেষে নিজের স্বভাবসুলভ রসিকতায় সঞ্জয় বলেন, ‘আমি আমেরিকা আসছি তোমায় জাদু কি ঝাপ্পি দিতে।’

সব মিলিয়ে ‘মুন্না ভাই’-এর পরিচিত হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে শান্তি, সম্প্রীতি এবং অহিংসার বার্তা দিয়েছেন সঞ্জয় দত্ত। তার বক্তব্যে যেমন দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে, তেমনই আন্তর্জাতিক সংঘাতের পরিবর্তে ভালোবাসা, আলোচনা ও মানবিকতার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও উঠে এসেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com