মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৫:১৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৫:১৪:৫৬ অপরাহ্ন
বালিতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে নুসরত ভরুচাকে। শুটিং করতে গিয়েই অঘটন। জানা যাচ্ছে, মেরুদণ্ডের হাড়ে চিড় ধরেছে অভিনেত্রীর। তাঁর দল জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মুম্বইয়ে নিয়ে এসে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।

কাজের সূত্রে বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। কাজের পাশাপাশি বালিতে কয়েক দিন ছুটি কাটানোর পরিকল্পনাও ছিল তাঁর। বর্তমানে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন নুসরত। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ১ অক্টোবর সমাজমাধ্যমে নুসরতের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। এ বার অভিনেত্রীর শারীরিক অবস্থার বিষয়ে বিবৃতি দিল তাঁর দল। সেখানে জানানো হয়েছে, বালিতে থাকাকালীনই দুর্ঘটনার কবলে পড়েন নুসরত। মেরুদণ্ডে চোট পাওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিনেত্রীর দলের বিবৃতিতে বলা হয়েছে, “‘কাজ এবং ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরত ভরুচা। সেখানেই একটি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মেরুদণ্ডে চোট লেগেছে তাঁর। বর্তমানে তিনি বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। আরও কিছু পরীক্ষানিরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, নুসরতের মেরুদণ্ডে অস্ত্রোপচার করতে হবে।”

অভিনেত্রীর দল আরও জানিয়েছে, নুসরতকে দ্রুত মুম্বইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। বিমানে বিশেষ চিকিৎসাব্যবস্থার মাধ্যমে তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। সেখানেই হবে অস্ত্রোপচার। বিবৃতিতে বলা হয়েছে, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য নুসরতের সুস্থতা এবং তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া। বালি থেকে তাঁকে বিমানে বিশেষ চিকিৎসাব্যবস্থার মাধ্যমে মুম্বইয়ে ফিরিয়ে আনা হবে। মুম্বইয়েই তাঁর অস্ত্রোপচার হবে।’’ মেরুদণ্ডের চোট এবং অস্ত্রোপচারের কারণে নুসরতকে বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে বলেও জানিয়েছে তাঁর দল। ফলে তাঁর আগামী কয়েক সপ্তাহের কাজে প্রভাব পড়তে পারে।

এই কঠিন সময়ে নুসরতের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করেছে তাঁর দল। পাশাপাশি অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “এই সময়ে সকলের কাছে আমাদের অনুরোধ, নুসরতের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তাঁর চিকিৎসা হতে দিন। সকলের উদ্বেগ, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আমরা কৃতজ্ঞ। প্রয়োজন অনুযায়ী পরবর্তী খবর জানানো হবে।”

উল্লেখ্য, বালিতে কাজের ফাঁকে বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেখানকার সময় উপভোগ করছিলেন তিনি। কাজ শেষ হওয়ার পরেও কয়েক দিন বালিতে থাকার পরিকল্পনা ছিল তাঁর। এর মধ্যেই ঘটে এই দুর্ঘটনা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com