দিল্লিতে ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা, শীত কি আগেভাগে?

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:১৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:১৩:২৭ অপরাহ্ন
ভারতের রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২১ ডিগ্রি সেলসিয়াসে। সেপ্টেম্বর মাসে গত ২৫ বছরের মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে ২০০১ সালের পর সেপ্টেম্বর মাসে এটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে। ব্যাপক বৃষ্টিপাত, মেঘলা আকাশ ও টানা ঠান্ডা আবহাওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এবার কি আগেভাগেই শীত নামছে?

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমে যাওয়ায় অনেকেই এয়ার কন্ডিশনার বন্ধ রাখছেন এবং ফ্যানের গতি কমিয়ে দিচ্ছেন। তবে আবহাওয়াবিদদের মতে, এই তাপমাত্রা হ্রাসকে শীতের আগাম আগমন হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে রয়েছে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী আবহাওয়া ব্যবস্থা, যার প্রভাবে ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

তাপমাত্রা কমার কারণ

বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করা একটি দীর্ঘস্থায়ী গভীর নিম্নচাপের প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। ‘মৌসম টাক’-এর প্রতিষ্ঠাতা দেবেন্দ্র ত্রিপাঠী ইন্ডিয়া টুডেকে জানান, মৌসুমী বায়ু বিদায়ের সময় হওয়ায় নিম্নচাপটি অনুকূল পরিবেশ পেয়েছিল।

মৌসুমী বায়ু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে হিমালয় অঞ্চল ও উত্তর ভারতের সমভূমিতে পশ্চিমা বায়ুর প্রভাব বাড়তে শুরু করে। এর ফলে আবহাওয়া ব্যবস্থা আরও সক্রিয় থাকে এবং বিস্তীর্ণ অঞ্চলে মেঘ ও বৃষ্টিপাত অব্যাহত থাকে।

ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে এই নিম্নচাপের প্রভাব পড়ে। উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা ও রাজস্থানেও বৃষ্টিপাত হয়।

একটানা মেঘলা আকাশ, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও স্বাভাবিকভাবে বাড়তে পারেনি। ফলে রাতের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পতন দেখা যায়।

আবার বাড়বে তাপমাত্রা

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ দুর্বল হয়ে গেলে উত্তর ভারতে শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাব বাড়তে পারে। আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর থেকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেঘের পরিমাণ কমে গেলে এবং বাতাসে আর্দ্রতা হ্রাস পেলে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। ফলে উত্তর ভারতের সমভূমি এলাকায় স্বাভাবিক উষ্ণ আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ

এরই মধ্যে মিয়ানমারের কাছে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী কয়েক দিনের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে।

নতুন এই আবহাওয়া ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আগের নিম্নচাপের তুলনায় এর প্রভাব তুলনামূলক কম হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

এর প্রভাবে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় ও উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকায় নতুন করে মেঘ ও বৃষ্টিপাত হতে পারে।

তাহলে কি আগেভাগে শীত?

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, দিল্লির বর্তমান ঠান্ডা আবহাওয়া শীতের আগাম আগমনের ইঙ্গিত নয়। এটি মূলত একটি সক্রিয় আবহাওয়া ব্যবস্থার সাময়িক প্রভাব।

তাপমাত্রার এই পতনের সঙ্গে এল নিনোর সরাসরি কোনো সম্পর্কও নেই। নিম্নচাপ দুর্বল হওয়ার পর আকাশ পরিষ্কার হলে উত্তর ভারতের তাপমাত্রা আবার বাড়তে পারে। তাই সেপ্টেম্বরের এই অস্বাভাবিক ঠান্ডাকে আপাতত শীতের আগমনী বার্তা হিসেবে দেখছেন না আবহাওয়াবিদরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com