সম্পর্ক নিয়ে একের পর এক জল্পনা, খানিক বিরক্ত অভিনেত্রী ডাকোটা জনসন

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:০৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:০৪:৩১ অপরাহ্ন
ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত জল্পনায় এ বার মুখ খুললেন অভিনেত্রী ডাকোটা জনসন। কার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন, তা নিয়ে প্রায়ই নানা খবর প্রকাশ্যে আসে। তবে এখন আর প্রতিটি গুঞ্জনের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেন না ‘ফিফটি শেডস অফ গ্রে’-খ্যাত অভিনেত্রী। তাঁর মতে, অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিটি গুজব খণ্ডন করার বদলে জীবনের অন্য বিষয়গুলিতে মন দিতে চান তিনি।

একটি সাক্ষাৎকারে ডাকোটা জানান, নিজের প্রেমজীবন নিয়ে ভুল খবর দেখতে দেখতে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন। এমনকি পেশাগত কারণে পরিচিত কারও সঙ্গে সময় কাটালেও তা নিয়ে শুরু হয়ে যায় সম্পর্কের জল্পনা। ডাকোটা বলেন, “আমি যদি আমার ম্যানেজার বা আইনজীবীর সঙ্গে ডিনার করতে যাই, তা হলেও লেখা হয়, ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে!’ আমিও আর এ সব নিয়ে মাথা ঘামাই না।”

প্রতিটি ভুল খবর শুধরে দেওয়ার চেষ্টা যে অর্থহীন, সেটাও স্বীকার করেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমার মনে হয়, এটা একেবারেই অর্থহীন। মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটাই বিশ্বাস করবে। আর এর বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আমার নেই। তার চেয়ে জীবনের অন্য বিষয়গুলিতে মন দেওয়া ভাল।”

অনলাইনে তাঁকে নিয়ে প্রকাশিত নানা খবর এড়িয়ে চলতেও শিখে গিয়েছেন ডাকোটা। তিনি বলেন, “প্রতিদিন ইন্টারনেটে এমন কিছু না কিছু থাকে, যেটা হাস্যকর— সেটা সত্যি হোক বা মিথ্যে। আর আমি সেটা নিয়ে ভাবি না।”

সম্প্রতি নিউইয়র্ক সিটিতে সঙ্গীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে ডাকোটাকে দেখা যায়। তাঁর আসল নাম কোলসন বেকার। এর কয়েক সপ্তাহ আগেই সঙ্গীতশিল্পী রোল মডেল, যাঁর আসল নাম টাকার পিল্‌সবারি, তাঁর সঙ্গে ডাকোটার বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছিল। এখন সমাজমাধ্যমে নিজের উপস্থিতিও ইচ্ছাকৃত ভাবে কমিয়ে দিয়েছেন ডাকোটা। কারণ, সেখানে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত নজরদারি তাঁকে অস্বস্তিতে ফেলে।

এর আগে এক সাক্ষাৎকারে ডাকোটাকে তাঁর প্রেমজীবন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন কোনও তথ্য দিতে রাজি হননি তিনি। তবে সঙ্গীতশিল্পীদের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ রয়েছে কি না, সেই প্রশ্নে মজা করতে দেখা যায় তাঁকে। ডাকোটা বলেন, “ওরা আমাকে পছন্দ করে।” এর পর যোগ করেন, “আমি কীই-বা বলব! আমিও ওদের পছন্দ করি।”

সঙ্গীতশিল্পীদের মধ্যে এমন কী আছে যা তাঁর পছন্দ? এই প্রশ্নের উত্তরে ডাকোটা মজার ছলে বলেন, “পছন্দ করার মতো কী নেই? অনেক কিছু! অনেক কিছু। বেশ চালাক-চতুর লোকজন।” উল্লেখ্য, ডাকোটা এর আগে ‘কোল্ডপ্লে’-র গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে সম্পর্কে ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com