শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:০৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:০৩:৪৬ অপরাহ্ন
ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না পাওয়ায় এবার ‘জেল ভরো আন্দোলনের’ ডাক দিয়েছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুম্বাইয়ে এই আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে তরুণদের প্ল্যাটফর্মটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির ঘোষণা দেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই হাইকোর্টের ২০১৩ সালের একটি আদেশের কথা উল্লেখ করে রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, শিবাজী পার্ক কেবল ক্রীড়া-সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে।

মুম্বাই পুলিশ আরও জানায়, সেখানে রাজনৈতিক কর্মসূচি হলে আশপাশের আবাসিক এলাকায় শব্দদূষণ হতে পারে। এছাড়া পার্কটির আশপাশে বেশ কয়েকটি বড় হাসপাতাল থাকায় বিক্ষোভের কারণে সৃষ্ট যানজট রোগী পরিবহনেও বিঘ্ন ঘটাতে পারে।

পুলিশের এই সিদ্ধান্তের পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গত জানুয়ারিতে একই স্থানে জনসভায় বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তিনি প্রশ্ন তোলেন, শিবাজী পার্কে শিন্দে কীভাবে জনসভার অনুমতি পেয়েছিলেন।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তে গত ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার।

প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এসআইআর-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত তাদের না জানিয়েই নেওয়া হয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিলেন।

এই প্রতিবেদন প্রকাশের পর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সিজেপি।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলটি হুঁশিয়ারি দেয়, ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করা হবে। তখন অভিজিৎ দীপকে বলেন, ‘চলুন, এই গান্ধী জয়ন্তীতে আমরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করি।’

সিজেপির ঘোষণা অনুযায়ী, আন্দোলনটি মুম্বাই থেকে শুরু হয়ে পরবর্তীতে ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com