রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজে পরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব আবু সাঈদ মাস্টার (৮৬) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবু সাঈদ মাস্টার দীর্ঘ কর্মজীবনে রাজশাহী মহানগরীর কোর্ট বাজার জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরে অবসর গ্রহণ করেন।
তিনি হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মরহুম আব্দুল বারী মুন্সির ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সপ্তম। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবু সাঈদ মাস্টার দৈনিক আমার দেশের সাংবাদিক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহসভাপতি এবং মানবাধিকারকর্মী মঈন উদ্দিনের ছোট চাচা। তিনি দৈনিক শানসাইন-এর স্টাফ রিপোর্টার জিয়ার মামা।
শুক্রবার জুমার নামাজের পর হড়গ্রাম গোরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।