শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:০৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:০৫:২৫ অপরাহ্ন
চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা জগতের কাজের পরিবেশ ও নিজের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি চলচ্চিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা তৈরি হয়, তিনি যেকোনো ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি হয়ে যাবেন।

অভিনেত্রীর ভাষ্য, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের ধারণা হয়ে যায়, তিনি সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হবেন।

তাই চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার মতো প্রস্তাব পেয়েছেন তিনি। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবে ‘না’ বলতে হয়েছে।

রাধিকার কথায়, শুরুর দিকে এমন পরিস্থিতিতে তাকে সরাসরি জানাতে হতো, তিনি এসব করতে রাজি নন।

সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ঘটনা জানান রাধিকা। তার ভাষ্য অনুযায়ী, একটি ছবির সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে বলা হয়েছিল।

এরপর নির্মাতাদের পক্ষ থেকে আরও অস্বস্তিকর প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, অ্যাকশন করার সময় শার্ট সরে যেতে পারে। তাই শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি ধারণ করা যায় কি না।

এমন প্রস্তাবে রীতিমতো স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। রাধিকার মতে, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলোর একটি।

নিজের কাজের বিষয়ে বরাবরই স্পষ্টভাষী রাধিকা। তার বক্তব্যে উঠে এসেছে, পর্দায় কোনো চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং দর্শক টানতে অপ্রয়োজনীয়ভাবে নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যোগ করার মধ্যে পার্থক্য রয়েছে।

সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সেই পার্থক্যই স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]