ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে ব্রাদারসহ আহত ৫

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৩:১৯ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার বিকট শব্দে ভেঙ্গে পড়ায় ৫জন আহত হয়েছেন। এতে বিধস্ত হয়ে পড়েছে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়ার কক্ষটি।

ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটের দিকে। আহতরা হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫),  মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)। এদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম একটু বেশি আহত। তবে ফেরদৌসকে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও অন্য দুইজন সামান্য আহত হওয়ায় তাদেরকে কোন চিকিৎসা দিতে লাগেনি। 

এ ঘটনায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। এর পরপরই কিছু সময়ের জন্য জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পরে পাশের্^র কক্ষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম যথারীতি অব্যাহত রাখা হয়।

ঘটনার সময় চিকিৎসা নিতে আসা লক্ষণ গ্রামের রহিমা বেগম বলেন, তিনি চিকিৎসা নেওয়ার জন্য পেসেন্ট বেডে শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে। এতে তিনি আহত না হলেও অনেকে হয়েছেন।

ঘটনার সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শামীমা আক্তার সুইটি বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও রোগীর লোকজনে কক্ষটি ভরপুর ছিল। এরই মধ্যে আকস্মিকভাবে বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে এতে অন্তত ৫জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম একটু বেশি আহত হলেও তেমন গুরুতর নন। অন্যরাও গুরুতর আহত নন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ও তাদের লোকজন ছিলেন। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এটাই বড় কথা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। সেখান থেকে প্রকৌশলী এসেছেন সরেজমিনে দেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]