রাণীশংকৈলে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০২:০৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মনসুরা বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় এখনো সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের সহোদর এলাকার রফিক ফিলিং স্টেশনের পাশে রাণীশংকৈল-পীরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুরা বেগম পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মনসুরা বেগম সহোদর এলাকার রফিক ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত যানবাহনটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]