পবায় ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:২৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:৩৫:২৯ অপরাহ্ন
রাজশাহীর পবা উপজেলায় ভাতিজার হাসুয়ার কোপে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদপুরের বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আফজাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইদ্রিস আলী ওই এলাকার সৈয়দ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় বাবার সামনে ছেলের বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ইদ্রিস আলীর ছেলের সঙ্গে পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিস আলীর ছেলে পক্ষ নিয়ে তার ভাতিজা আফজাল হোসেন বিরোধে জড়িয়ে পড়েন। পরে উত্তেজিত হয়ে আফজাল হাসুয়া দিয়ে ইদ্রিস আলীকে কোপ দেন। হাসুয়ার কোপে ইদ্রিস আলীর এক পায়ের উরুতে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনরা জানান, তারা বাড়িতে কাজ করছিলেন। মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর পা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য তারা মর্গে অপেক্ষা করছেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ গাজিউর রহমান বলেন, অভিযুক্ত আফজাল হোসেনও আহত হয়েছেন। তিনি পুলিশ হেফাজতে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]