বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৭:১৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৭:১৮:১৯ অপরাহ্ন
বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়েছিল ৯ বছরের সোহাগী খাতুন। চোখের পলকে বাবার অগোচরে পানিতে তলিয়ে যায় সে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার পালোপাড়া 'তাহেরের মোড়' এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহাগী খাতুন (৯) ওই গ্রামের আসলাম আলীর মেয়ে। সে ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর আনুমানিক দুইটার দিকে সোহাগী তার বাবার সঙ্গে বাড়ির পাশের আবু বক্কার সিদ্দিকের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে বাবার অগোচরে পানিতে ডুবে যায় সে। কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে তার বাবা ও স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর পানির নিচে সোহাগীর সন্ধান পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পানিতে ডুবে সোহাগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]